
ছবি: সংগৃহীত
আগামী ২৫ মে থেকে ভারতে শুরু হতে যাচ্ছে অষ্টম নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আসরটির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ দল। এই ক্যাম্পে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকার-সহ দলের খেলোয়াড়রা।
ক্যাম্পে অংশ নিতে বুধবার (৭ মে) কোচ ও খেলোয়াড়সহ ২২ সদস্যের একটি দল ঢাকা থেকে থাইল্যান্ডে পৌঁছেছে। তবে ভিসা জটিলতার কারণে দলের দুই গোলরক্ষক রুপনা চাকমা ও মিলি আক্তার এখনো যেতে পারেননি। একই সমস্যায় আরও কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফও থাইল্যান্ডে যেতে দেরিতে পড়েছেন।
বাফুফে সূত্র জানায়, মোট ৯ জন ফুটবলারসহ কয়েকজন কোচিং স্টাফ ভিসা জটিলতায় ভুগছেন, তবে তাদেরও দ্রুত থাইল্যান্ডে পৌঁছানোর চেষ্টা চলছে।
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ ও ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়ন। এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে হ্যাটট্রিক পূর্ণ করতে চায় তারা। কোচ পিটার বাটলার জানিয়েছেন, দলকে আগ্রাসী ও চ্যাম্পিয়নসুলভ মানসিকতায় গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
আগামী ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা।










































