
ফাইল ছবি
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস ও দেশজুড়ে বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে।
আজ রোববার (১০ মে) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১২ মে) থেকে বৃষ্টির প্রবণতা আবার বাড়বে। এদিন ঢাকা ও সিলেটসহ পাঁচ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ধারা বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটে অতি ভারী বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত ও দমকা হাওয়া থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।








































