রবিবার । মে ১০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১০ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শেয়ার

৯ দিনে রেমিট্যান্স এলো ১০২ কোটি ডলার


remittance

ফাইল ছবি

চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।

রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ। বিশেষ করে গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) রেমিট্যান্স আসার গতি ছিল চোখে পড়ার মতো, যার পরিমাণ প্রায় ৩ হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেওয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।