
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন তিনি।
সোমবার থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলোর জনসংখ্যার পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ও ভূমি দপ্তরের কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
একই বৈঠকে পশ্চিমবঙ্গে জনগণনা কার্যক্রম শুরু করার অনুমোদনও দেওয়া হয়েছে। এ সময় তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃতভাবে জনগণনা প্রক্রিয়া বিলম্বিত করেছিল।
শুভেন্দু আরও দাবি করেন, ভারতের নতুন ফৌজদারি আইন পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়নি। তাই প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই আইন বাস্তবায়নের অনুমোদনও দেওয়া হয়েছে।
এছাড়া স্কুলে চাকরিপ্রার্থীদের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার শপথ নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভা বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেওয়া পাঁচ মন্ত্রীও উপস্থিত ছিলেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































