
সংগৃহীত ছবি
কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্যের পর এবার ভেনেজুয়েলাকে নিয়েও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করার বিষয়টি বিবেচনায় রয়েছে। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলাকে ‘৫১তম রাজ্য’ উল্লেখ করে একটি পোস্টও করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, প্রায় ৪০ ট্রিলিয়ন ডলারের তেল সম্পদের নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে রয়েছে। চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই তিনি এই বিতর্কিত পোস্ট দেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিষয়টি তারা কখনো বিবেচনাই করেনি। এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে ভেনেজুয়েলার ওপর মার্কিন পতাকা বসিয়ে ক্যাপশনে লেখা হয় ‘৫১তম রাজ্য’। পোস্টটি হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়।
পাশাপাশি ট্রাম্প আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, ‘আমি তোমাকে চাই’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে।







































