সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ মে ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
শেয়ার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী


PM Eknek

প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আগামীকাল মঙ্গলবার জাতীয় কর্মশালার আয়োজন করেছে ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

কর্মশালায় উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সক্ষমতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ইউজিসি জানিয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা খাতে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা তৈরির উদ্যোগ নেওয়া হবে।