বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন জামায়াত আমির


Shafiqur-Rahman

ফাইল ছবি

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি দলীয় কর্মসূচির পাশাপাশি সুধী সমাবেশে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার (১৩ মে) জামায়াতের পক্ষ থেকে এই সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং জেলা ও মহানগরী আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

দুপুরের পর তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেবেন।

বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।