বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৪ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ


Ministry of Education

ফাইল ছবি

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই শূন্য ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো— বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ডুয়েটের নতুন ভিসি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমান।

এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।