
হামাসের সামরিক শাখার এক শীর্ষ নেতা মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটিতে চালানো এক হামলায় ওদেহ নিহত হন। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওদেহ ছিলেন হামাসের সাবেক গোয়েন্দা প্রধান। তিনি সম্প্রতি ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের স্থলাভিষিক্ত হয়ে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের নেতৃত্বে আসেন বলে বিভিন্ন সূত্রে বলা হলেও হামাস আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। আল-হাদ্দাদও এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন বলে জানা যায়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘গাজায় হামাসের সামরিক শাখার নম্বর ৪ কমান্ডারকে গতকাল নির্মূল করা হয়েছে এবং তাকে তার সহযোগীদের কাছে পাঠানো হয়েছে।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাৎজ মঙ্গলবারই জানান, ইসরায়েলি বাহিনী ওদেহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অন্যদিকে গাজার আল-শিফা হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার রাতে গাজা সিটির রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।









































