
সংগৃহীত ছবি
রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশুর হাট বসানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, টানা বৃষ্টির কারণে কিছু পশুর মালিক সাময়িকভাবে সেখানে আশ্রয় নিয়েছিলেন। পরে প্রশাসনের উদ্যোগে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর ‘হাট’ অপসারণের পর সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুর সোয়া ২টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা মেট্রোরেলের নিচে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। পরে একটি পে-লোডার এনে সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার ও এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম চালানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কিছু পশু ব্যবসায়ী দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে সাময়িকভাবে পশু রেখেছিলেন। তবে সেখানে কোনো ধরনের ইজারা দেওয়া হয়নি।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রশাসক ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেটের সহায়তায় পশুগুলো সরিয়ে দেন। পাশাপাশি হাটের ইজারাদারকেও জরিমানা করা হয়েছে। বর্তমানে সেখানে থাকা পশুর বর্জ্য অপসারণের কাজ চলছে।
এবার ঢাকার অন্যতম বড় কোরবানির পশুর হাট বসেছে উত্তরার দিয়াবাড়িতে। অতিরিক্ত পশুর চাপের কারণে নির্ধারিত সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচেও পশু বেঁধে রাখেন কিছু বিক্রেতা। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা পশু সরিয়ে দেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।









































