রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ মে ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দ নিয়ে অভিযোগের জবাবে যা বললেন আসিফ-হাসনাত


Asif-Hasnat

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা জেলা পরিষদের রাজস্বখাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন—জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়ার এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, এসব অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়নি; বরং সরকারি বিধি অনুসারে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হয়েছে।

শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মোস্তাক মিয়া অভিযোগ করেন, মুরাদনগরের জন্য আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং দেবিদ্বারের জন্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে দেওয়া বিশেষ বরাদ্দ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে এবং এর সব নথিপত্র সংরক্ষিত রয়েছে।

অন্যদিকে হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বারের জন্য ১০ কোটি নয়, ৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল, যা এডিপি প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে। তিনি দাবি করেন, জেলা পরিষদের রাজস্ব তহবিলের সঙ্গে এ বরাদ্দের কোনো সম্পর্ক নেই এবং প্রশাসকের বক্তব্যে এমন ধারণা দেওয়া হয়েছে যেন অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়েছে, যা সঠিক নয়।

তবে রাতে মোস্তাক মিয়া বলেন, রাজস্ব তহবিল ও এডিপির বিশেষ বরাদ্দ—উভয়ই সরকারি অর্থ। সংশ্লিষ্ট দুই উপজেলায় বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া প্রকল্পগুলো তদন্ত করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।