মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর


NBR

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর

সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শূন্য পদগুলোতে চলমান জনবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী এই চক্র সম্পর্কে চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর। আজ সোমবার (১ জুন) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে।

এনবিআর এই চক্রের মূল কৌশল ফাঁসের পাশাপাশি জানায়, স্বাভাবিক নিয়মে যারা সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় চাকরি পাবেন, তাদের ক্ষেত্রেও ‘অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে’—এমন মিথ্যা প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করাই এই চক্রের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থী নিজস্ব অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, এই প্রতারক চক্রটি তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ পরবর্তীতে ফেরত দিতে পারে। তবে যারা নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অগ্রিম নেওয়া অর্থ এই চক্রটি সম্পূর্ণ আত্মসাৎ করবে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, আয়কর বিভাগের চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। কোনো প্রকার অনিয়মের সুযোগ এখানে নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হচ্ছে।

কাজেই আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্র বা প্রতারকের খোঁজ পেলে, তা অবিলম্বে সংশ্লিষ্ট কর কমিশনারের অফিসে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তথ্য দেওয়ার জন্য এনবিআর-এর টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ইমেইল pro@nbr.gov.bd-এ যোগাযোগ করা যাবে। এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।