
ফাইল ছবি
পবিত্র হজব্রত পালন শেষে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। আজ রোববারও (৭ জুন) বিপুল সংখ্যক হাজি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। হজ ফ্লাইট সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার আরও নয়টি বিশেষ ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফিরবেন।
এর ফলে চলতি বছরের মোট হাজির অর্ধেকেরও বেশি অংশ দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে নিজ নিজ ফ্লাইট শিডিউল অনুসারে দেশে ফিরবেন এবং আগামী ১ জুলাই হজের এই ফিরতি ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছেন অনেক হাজি। তারা প্রত্যেকেই তাদের হজের আবেগঘন অনুভূতি ও পবিত্র অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হাজিদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা গেছে, তারা এবার সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বিশেষ করে সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অন্যান্যদেরও ভবিষ্যতে সরকারি মাধ্যমে হজ পালনে উদ্বুদ্ধ ও পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে স্বয়ংক্রিয় চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় মোট ৫৮,০৪৯টি ডিজিটাল প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ৩৯৮ জন বাংলাদেশি হাজি।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র হজ পালন করতে গিয়ে নানাবিধ শারীরিক জটিলতা ও স্বাভাবিক কারণে এ বছর এখন পর্যন্ত মোট ৪৮ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন হজযাত্রী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে চিকিৎসাধীন হাজিদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং মৃত হাজিদের পবিত্র মক্কা ও মদিনায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।









































