
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা/ছবি: সংগৃহীত
যে হাসপাতাল মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আজ রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. সানসিলা জেবরিন শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরে বলেন, শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা এই সদর হাসপাতাল। দুর্গম চরাঞ্চলের বেহাল রাস্তাঘাট ও পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় এখানে আসেন, তখন হাসপাতালের বেড না পেয়ে মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন তাদের কাতরাতে হয়। যা অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ২০১৮ সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ নিয়োগ দেওয়া হয়নি। গত আট বছরে ছয়বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে গেছে।
হাসপাতালের চরম জনবল সংকটের চিত্র তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, সেখানে সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের মধ্যে ১০টিই শূন্য। ফলে প্রতিদিন ৭০০ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীরা।
হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, নয় তলা আধুনিক ভবন থাকলেও রোগীদের ওঠা-নামার জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইসিইউ ও সিসিইউ ইউনিটগুলোও প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমানে অকেজো এবং তালাবদ্ধ হয়ে পড়ে আছে।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় হাসপাতালের আইসিইউ ও সিসিইউ ইউনিট এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী ও মূল্যবান যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। বর্তমানে হাসপাতালের একটি বড় অংশ দালাল, চোর, ছিনতাইকারী ও অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে।
পাশাপাশি হাসপাতালের ঠিক পাশেই থাকা ময়লার ডাস্টবিনের তীব্র দুর্গন্ধে চিকিৎসা নিতে আসা সুস্থ মানুষও আরও অসুস্থ হয়ে পড়ছে বলে তিনি সংসদে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।









































