
ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ দুর্ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শনিবার সকাল ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণমূলক উড্ডয়ন শেষে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানবাহিনী দুর্ঘটনায় থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত ও অগ্নিবীরবায়ু দানিশ আলম। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাহিনীটি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। উল্লেখ্য, এএন-৩২ ভারতীয় বিমানবাহিনীর বহুল ব্যবহৃত একটি সামরিক পরিবহন উড়োজাহাজ, যা দীর্ঘদিন ধরে রসদ ও সেনা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।












































