
সংগৃহীত ছবি
দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখনই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের জন্য নির্মল ও বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গাছ লাগালে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন সফল হবে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী দিনে মানুষ আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ পাবে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তারেক রহমান জানান, সরকার প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।
এ সময় দেশের জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকাকে সবুজ অভয়ারণ্যে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশে রূপান্তর করা সম্ভব।
সূত্র: বাসস











































