রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুন ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরলেও প্রভাবিত হইনি: স্বাস্থ্যমন্ত্রী


Health-Minister

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এর লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও কোনো ধরনের প্রভাব বা লোভে তিনি প্রভাবিত হননি।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অনিয়মের সঙ্গে কোনো আপস করবে না। তিনি অভিযোগ করেন, অতীতে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হলেও বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন নিয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা হাসপাতালটির পক্ষে অবস্থান নিচ্ছেন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

এ ছাড়া পরীক্ষামূলকভাবে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। অনুষ্ঠানের শেষে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।