রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

‘প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ’


Nahid-Islam

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর বাজেট-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে— এমন প্রশ্নও তিনি তুলেছেন।”

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল চেয়েছিল সরকারের বাজেটের প্রশংসা করতে। কিন্তু দুর্নীতি, লুটপাট ও ব্যাংক দখলের সংস্কৃতি বন্ধ না হওয়ায় তা সম্ভব হয়নি। তার দাবি, বাজেটের অর্থের কতটা জনগণের কল্যাণে ব্যয় হবে আর কতটা দলীয় নেতাকর্মীদের পকেটে যাবে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটের সঙ্গে বাস্তবতার মিল নেই এবং এতে যে উন্নয়নের স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তার মতে, বাজেট বাস্তবায়নে সরকারকে বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে, তাই এর সমালোচনা সম্পূর্ণ যৌক্তিক।

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, অথচ গ্রামাঞ্চলে এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি।

তিনি দাবি করেন, বর্তমান বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে না। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের জন্য গণভোটের গণরায়ের ভিত্তিতে সরকার গঠন এবং পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের আহ্বান জানান তিনি।

বক্তব্যে চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধরের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।