বুধবার । জুন ১৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় তেলের দাম তিন মাসের সর্বনিম্ন


hormuz

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনায় বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত চুক্তি শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনায় বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় এই দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৯ ডলার বা ৪ শতাংশ কমে ৭৯ দশমিক ৮৮ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৮২ ডলার বা ৪ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৯৩ ডলারে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৫ থেকে ৭০ ডলারের মধ্যে ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে এবং তেল সরবরাহে অনিশ্চয়তা হ্রাস পাবে। এ কারণেই বিনিয়োগকারীরা তেলের বাজারে আশাবাদী অবস্থান নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও তেলের দাম ২ শতাংশের বেশি কমার খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ লেনদেনে সেই পতন আরও ত্বরান্বিত হয়েছে।