
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের তৃতীয় তলায় এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। এই মধ্যাহ্নভোজের আয়োজনে মালয়েশিয়ার স্থানীয় শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।






































