সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

সংসদের সবাইকে বিরোধীদলীয় নেতার আম উপহার


mango

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলের সব সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উপহার হিসেবে ১০ কেজি করে আম দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার (২২ জুন) সকাল থেকেই এই ব্যতিক্রমী ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়।

জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো প্রতিটি সুদৃশ্য প্যাকেটে ছিল প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে সবার হাতে এই উপহার পৌঁছে দেন। এই বিতরণ প্রক্রিয়ায় সংসদের সব স্তরের কর্মচারীকেই অন্তর্ভুক্ত করা হয়। ফলে ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও সমপরিমাণ আমের এই উপহার পেয়েছেন।

আমের প্যাকেট হাতে পেয়ে সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখি। আজ আমাদের মতো সাধারণ কর্মচারীদের জন্যও আম এসেছে, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।”

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. শফিকুর রহমানের বিভিন্ন ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এবারের এই আম বিতরণকে তারা চমৎকার এক সৌজন্য ও সামাজিক সংযোগের উদাহরণ হিসেবে দেখছেন।