
ছবি: সংগৃহীত
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। বিভেদ, বিদ্বেষ, হানাহানি কিংবা সামাজিক বৈরিতার ইসলামে কোনো স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি শুধু শোকের নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার অনন্য শিক্ষা বহন করে।
তিনি বলেন, কারবালার ঘটনা মানবজাতির জন্য সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। প্রায় ১৪শ বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহাদত বরণ করেন, যা আজও ন্যায়বিচার ও আদর্শিক সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে অনুপ্রেরণা জোগায়।
বাণীতে প্রধানমন্ত্রী হজরত ইমাম হোসাইনের (রা.) প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কারবালার মর্মান্তিক ঘটনায় শাহাদতবরণকারী তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এ শোকাবহ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।






































