
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পল্লবী থানা এলাকায় বাসায় ঢুকে ভাই-বোনকে গুলি করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়ে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম (২৮)।
তাদের হাসপাতোলে নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। গতরাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে আসেন। পরে শহিদুল সঙ্ঘবদ্ধ হয়ে বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিদর্শক মো. ফারুক জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।







































