সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের দিকনির্দেশনা দেবে: জয়শঙ্কর


Joyshankar

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ঢাকা পৌঁছানোর পর তিনি জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত শোকবার্তা তাঁর কাছে পৌঁছে দেন।

ভারত সরকার সে দেশের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়ে জয়শঙ্কর বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন মূল্যবোধ ভারতবাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে আগামীতে দিকনির্দেশনা দেবে। বুধবার দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এস জয়শঙ্কর এসব কথা জানান।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে ভারত গভীরভাবে শোকাহত।

২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এলেন। তাঁর এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও পাকিস্তান, ভুটানসহ দক্ষিণ দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি এই জানাজায় অংশ নেন।

নজিরবিহীন এই জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামে, যেখানে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়া এই কিংবদন্তি নেত্রীর প্রয়াণে আজ ভারতসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ শ্রদ্ধা নিবেদন করছে।

সফর শেষে বিকেলেই এস জয়শঙ্করের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। জানাজা সম্পন্ন হওয়ার পর এখন রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে সমাহিত করা হয়।