
খালেদা জিয়ার জানাজায় অংশ নেন লাখো মানুষ। সংগৃহীত ছবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ দেশ-বিদেশের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। দেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজার খবর প্রচার করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়- ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হন।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করে, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শোকে আচ্ছন্ন এবং তাঁর রাষ্ট্রীয় জানাজায় ছিল বিপুল জনসমাগম। একই দেশের আরেক গণমাধ্যম জিও নিউজ জানায়, তাঁকে শেষ বিদায় জানাতে অসংখ্য শোকাহত মানুষ জানাজায় অংশ নেন।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম ঘটে। প্রতিবেদনে তাঁকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়। দেশটির আনন্দবাজার পত্রিকা লেখে, ‘জনারণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য—স্বামী মেজর জিয়াউরের পাশে সমাধিস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।’
ফরাসি বার্তাসংস্থা এএফপি লিখেছে, “রাষ্ট্রীয় জানাজায় খালেদা জিয়ার জন্য বাংলাদেশের শোক।” মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামা লিখেছে, “খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ। স্বামীর পাশে সমাহিত।” অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনাম করেছে, “খালেদা জিয়ার শেষ বিদায়: স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত।”
উল্লেখ্য, মঙ্গলবার সকালে খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার বিকেলে তাঁকে দাফন করা হয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজাকে ঘিরে ওই এলাকায় মানুষের ঢল নামে।



































