রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ জানুয়ারি ২০২৬, ২:৫২ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা


khalid hasan

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার প্রসারে নতুন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়েও পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, “ইসলামি শিক্ষার প্রসারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর ধারাবাহিকতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিশ্ববিদ্যালয় পর্যায়েও পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে।” তিনি আরও জানান, ইমাম, আলেম এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করবে সরকার। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও মেয়াদকাল নিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে। আমরা যতক্ষণ দায়িত্বে আছি, ততক্ষণ দেশ ও জনগণের কল্যাণে পূর্ণ সততার সাথে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার উপস্থিত ছিলেন। তাঁরাও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শিক্ষা সংস্কারের ওপর আলোকপাত করেন।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার সংকল্প ব্যক্ত করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।