রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার


Home Adviser

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের অস্বচ্ছ নির্বাচন ব্যবস্থাই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবারের নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে এবং সেই প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন, তাদের অনেকের করুণ পরিণতি সবার জানা। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবাই এই বাস্তবতা উপলব্ধি করে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনকে ঘিরে জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ওপর বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যার মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবাধ চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, খুলনা বিভাগের নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক। তিনি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষিত আইনশৃঙ্খলা বাহিনী ও সুরক্ষা অ্যাপের কার্যকর প্রয়োগের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।