শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ২০ মার্চ ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার

আজ পবিত্র জুমাতুল বিদা, আবেগঘন পরিবেশে রমজানকে বিদায়


Ramadan

ফাইল ছবি

আজ পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। আজকের এই জুমাতুল বিদা্র মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

হিজরি ১৪৪৭ সনের এই মহিমান্বিত মাসকে বিদায় জানানোর দিনে ইসলামি সংস্কৃতি ও ইবাদতে যোগ হয়েছে বিশেষ তাৎপর্য। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আজকের দিনটি অত্যন্ত আবেগঘন, কারণ মাসব্যাপী সিয়াম সাধনার পর আজ বিদায়ী জুমার মাধ্যমে মুসলমানরা এই মহিমান্বিত মাসকে বিদায় জানাচ্ছেন।

আজকের এই বিশেষ দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে জুমার জামায়াতে অংশ নিতে সমবেত হবেন লাখো মুসল্লি। জুমার খুতবায় খতিব ও আলেমরা রমজানের ফজিলত, তাকওয়া বা খোদাভীতির শিক্ষা এবং জুমাতুল বিদার গুরুত্ব তুলে ধরবেন।

রমজানের এই শেষ শুক্রবারটি মুমিন হৃদয়ে যেমন বিদায়ের বেদনা জাগাবে, তেমনি আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ হিসেবেও বিবেচিত হবে। জাতীয় মসজিদে বৃহত্তম জুমার জামায়াত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

একইসঙ্গে দিনটি পবিত্র ঈদুল ফিতরের আগাম বার্তাও বহন করছে। আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জুমাতুল বিদার দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর মুসল্লিরা ঈদের প্রস্তুতির চূড়ান্ত পর্বে প্রবেশ করবেন।

সারা দেশের মসজিদগুলোতে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।