মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

নারায়ণগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা


masum

নিহত মাসুম মিয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২২) নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। এ সময় তার বন্ধু রমজান মিয়ার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা পশ্চিম পাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত মাসুম ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই বছর আবুধাবিতে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন মাসুম। বিদেশ যাওয়ার আগে থেকেই পাওনা টাকা নিয়ে একই এলাকার রাসেল মিয়ার সঙ্গে তার বিরোধ ছিল।

সোমবার রাতে মাসুম ও তার বন্ধু রমজান মোটরসাইকেলে নরসিংদী যাওয়ার পথে ওত পেতে থাকা রাসেল, মাহবুব, উজ্জ্বল ও তুষারসহ একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা চাপাতি ও ছুরি দিয়ে মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং রমজানের হাত-পায়ের রগ কেটে দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, অভিযুক্তরা চিহ্নিত মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই হত্যাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও গ্রামবাসী অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।