
দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’তে আগুন ধরে গেছে
ইরানের একটি হামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’তে আগুন ধরে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। খবর আল জাজিরার।
বিবৃতিতে এই হামলাকে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে উল্লেখ করেছে কেপিসি। কেপিসির বিবৃতি প্রকাশ করেছে কুয়েত নিউজ এজেন্সি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামোতে (হাল) ক্ষতি হয়েছে এবং হামলার পর জাহাজে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আগুন লাগার পর দ্রুত দমকল ও নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পদক্ষেপ নেয়। দুর্ঘটনার সঠিক কারণ ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, কুয়েতি ট্যাংকারটির ২৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন।
এই নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয়বারের মতো কোনো তেলবাহী ট্যাংকার বা জাহাজে হামলার খবর পাওয়া গেল।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ৩১ নটিক্যাল মাইল (৫৭ কিমি) উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায় ও সেটিরও সব নাবিক নিরাপদে আছেন।





































