মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শেয়ার

বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা সরকারের


lalmonirhat-airport

ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বগুড়া স্টলপোর্ট এবং লালমনিরহাট বিমানবন্দরকে পুনরায় সচল করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আধুনিক আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এই তথ্য জানান। জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এই উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

সংসদে মন্ত্রী জানান, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা এবং মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হয়েছে। এছাড়া বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুট হিসেবে চালুর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ প্রায় ৯০ শতাংশ এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে।

এছাড়া যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সংস্কার ও উন্নয়নের কাজও ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে বেবিচকের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।