মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩


srimongol-accident

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসের চালককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকার সিরাজনগর সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে; তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। তবে অটোরিকশায় থাকা নিহত বাকি দুই পুরুষ যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ তিনজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহাসড়কে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে। পরিচয়হীন দুই যাত্রীর স্বজনদের সন্ধানে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।