
ফাইল ছবি
বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসের মতো আজ মঙ্গলবার (৩১ মার্চ) নির্ধারিত হতে যাচ্ছে জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা। যার ফলে তেলের দাম বাড়বে কি না তা আজই জানা যাবে। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
জ্বালানি বিভাগের মুখপাত্র জানান, এপ্রিল মাসে দেশে ডিজেল সরবরাহে কোনো সংকটের সম্ভাবনা নেই। ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত ছিল এবং এপ্রিলে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল দেশে পৌঁছাবে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলক অনেক কম। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়।
উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সরকার বেশ কিছু বিকল্প পদক্ষেপ নেওয়ার বিষয়েও গভীরভাবে চিন্তাভাবনা করছে। মুখপাত্র জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ খরচ কমিয়ে আনতে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসের সময়সীমা কমিয়ে আনা এবং অনলাইন ক্লাসের মতো বিভিন্ন সাশ্রয়ী কর্মসূচি চালুর বিষয়ে যাচাই-বাছাই চলছে। মূলত সাশ্রয়ী উদ্যোগের মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার।






































