মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮


lebanon

ছবি: সংগৃহীত


লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় গত চার সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৭৫০ জন।

গত এক মাস ধরে রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। তবে লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলি স্থলবাহিনী প্রবেশের পর প্রতিরোধের মুখে পড়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে যে, লেবাননের ভেতরে অভিযানে গিয়ে এখন পর্যন্ত তাদের ৯ জন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলি সেনাদের ওপর পাল্টা হামলার দাবি করা হয়েছে।

টানা যুদ্ধ ও উচ্ছেদের ফলে লেবাননে এখন চরম মানবিক সংকট দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, জরুরি ওষুধ ও সুপেয় পানির তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন সাধারণ নাগরিকরা।

লেবাননের এই শোচনীয় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানালেও ইসরায়েলি হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।