শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ এপ্রিল ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার

সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস


Mirza Abbassর

ফাইল ছবি

সিঙ্গাপুরে টানা চিকিৎসা ও কয়েক দফা সংকট কাটিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এখন কিছুটা স্থিতিশীল। অবশেষে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে—যা পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সিঙ্গাপুর থেকে পরিবারের বার্তা উদ্ধৃত করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, “পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। চিকিৎসকরা সীমিত পরিসরে কথা বলার অনুমতি দিয়েছেন।”

হঠাৎ অসুস্থতার পর টানা কয়েক সপ্তাহ ধরে তিনি ছিলেন গভীর পর্যবেক্ষণে। গত ১৫ মার্চ শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এর ঠিক কয়েক দিন আগে, ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়েই আচমকা অজ্ঞান হয়ে পড়েন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নেওয়া হয়।