রবিবার । এপ্রিল ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার

দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


Police

ফাইল ছবি

পুলিশের দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং মো. মনিরুজ্জামানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।