
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন খালেদা জিয়া
যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “যেকোনো মূল্যে এই রক্তস্নাত আন্দোলন ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।”
তিনি বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী শাসকগোষ্ঠী নির্মম দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনকে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এ আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জাতিকে তাঁদের আত্মত্যাগ চিরকাল স্মরণ রাখতে হবে।
বেগম খালেদা জিয়া বলেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।







































