
বাংলাদেশকে জঙ্গিবাদ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
মেগান বোল্ডিন বলেন, “বিশ্বের প্রতিটি দেশই কমবেশি জঙ্গি হামলার ঝুঁকির মধ্যে থাকে। বাংলাদেশও এর বাইরে নয়। অতীতে রাজনৈতিক পরিস্থিতির নানা দিক জঙ্গিবাদের আড়ালে চাপা পড়লেও, বাস্তব হুমকি হিসেবেও জঙ্গিবাদকে আমলে নেওয়া প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সজাগ থাকতে হবে।”
বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “জঙ্গি মোকাবিলায় এজেন্সিগুলোর মধ্যে তথ্য শেয়ারিং ও সমন্বয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পুলিশের সিটিটিসি, এনএসআই, এসবি ও এটিইউসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সংযুক্তি গড়ে তোলা হলে নিরাপত্তা কাঠামো আরও মজবুত হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় বলেন, “বর্তমানে বাংলাদেশে সক্রিয় কোনো জঙ্গি সংগঠন নেই। মাঝে মাঝে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো কিছু তৎপরতার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তা শক্তভাবে প্রতিহত করছে। সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।”
তিনি জানান, ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়ায় মার্কিন কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
বৈঠকে আরও আলোচনা হয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইন হয়রানি প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সক্ষমতা বৃদ্ধির জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর ইরিক গিলান, পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জোস পপসহ দুই পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




































