বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুলাই ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার

বাসাভাড়া বাবদ বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি


khalid

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইউএনবি

সরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজে অংশ নেওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজিকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আমরা বাড়িভাড়াসহ অন্যান্য খরচের যে বাজেট করেছিলাম- বাস্তবে কিছু ক্ষেত্রে কম খরচ হওয়ায় সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্ভিস চার্জও কিছু ক্ষেত্রে কমেছে। সব হিসাব নির্ভুলভাবে যাচাই-বাছাই করে আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করব। যথাদ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক একাউন্টে ফেরত পাঠানো হবে।

উপদেষ্টা জানান, সাধারণ হজ প্যাকেজ-১ এর হাজিদেরকে ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে রাখা হয়। ৪ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। ৫ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজি রাখা হয়নি। ৬ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন, এ বাড়িতেও শর্ট প্যাকেজের কোন হাজি রাখা হয়নি।

সাধারণ হজ প্যাকেজ-২ এর হাজিদের ১, ২ ও ৩ নম্বর বাড়িতে রাখা হয়। ১ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। ২ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২১ হাজার ১৪২ টাকা ফেরত পাবেন এবং শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। ৩ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজি রাখা হয়নি।

হাজিদের রিফান্ড/ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান/দুস্থদের আর্থিক সহায়তাসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয় সকল ধরনের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। এরূপ টাকা পাঠাতে মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করা কিংবা তার কাছ থেকে ডেবিট-ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ/নগদ/রকেট-এর কোন পিন নম্বর চাওয়া হয়না। এমনটি যদি কেউ করে তাহলে আপনারা নিশ্চিত জেনে রাখুন সে প্রতারক। এরুপ প্রতারক থেকে সাবধান থাকুন।

উপদেষ্টা জানান, গত ৮ জুলাই হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হয়েছে। ৮৭ হাজার ১৪৫ জন হাজি দেশে ফিরেছেন। মোট ৪৫ জন হাজযাত্রী মারা গেছেন।