শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শেয়ার

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪ জন


psc

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসি এ ফল প্রকাশ করে।

তরুণদের কাছে বিসিএস শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের স্বপ্নপূরণের পথ। সেই স্বপ্নের প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। এছাড়া নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারের বিসিএসে নতুন কিছু পদও যোগ হয়েছে। তবে পদসংখ্যা বেশি হলেও আবেদনকারীর বিপুল অংশগ্রহণে প্রতিযোগিতা কঠিন হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসি ইতোমধ্যে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতায় ৪৭তম বিসিএসের ফলাফলও নির্ধারিত সময়ে প্রকাশ করা হলো।

এর আগে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল পরীক্ষার মাত্র ১৩ দিনের মাথায়। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয় ৯ মে।