
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে পুরোপুরি সচেতন এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। যারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই এখন বিদেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
শফিকুল আলম অভিযোগ করে বলেন, পতিত স্বৈরাচার, তাদের সহযোগী এবং আন্তর্জাতিক মিত্ররা একজোট হয়ে আগামী নির্বাচনের পথ রুদ্ধ করার কৌশল নিচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের অবহিত করছেন বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ—আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে।






































