
ফাইল ছবি
গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটক করার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা, গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানায় বাংলাদেশ।
বাংলাদেশ সরকার মনে করে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
বিবৃতিতে বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের চলমান দুর্দশা ও কষ্টের সময়ে তাদের প্রতি অবিচল সংহতি প্রকাশ করেছে।




































