বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ অক্টোবর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত সব রাজনৈতিক দল: আলী রীয়াজ


Ali-Riaz

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজকের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব দল জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে। দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো এখন একটি অভিন্ন অবস্থানে এসেছে।”

তিনি আরও বলেন, “এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। এখন অনেকেই সেই অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছেন। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আশা করছি, ১৫ অক্টোবরের মধ্যে আমরা একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিতে পারব।”

অধ্যাপক রীয়াজ জানান, জুলাই সনদে স্বাক্ষরকারীদের তালিকা চূড়ান্ত করতে তিন-চতুর্থাংশ রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হয়েছে। অনেক দল ইতিমধ্যে নাম জমা দিয়েছে, যারা এখনো দেয়নি তাদের দ্রুত তা করতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, দু-এক দিনের মধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠকে বসবে কমিশন।

এদিনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।