বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ অক্টোবর ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
শেয়ার

আইসেস্কো মহাপরিচালকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


CA ISESCO

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কো) মহাপরিচালক ড. সেলিম এম. আল মালিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অধ্যাপক ইউনুসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. আল মালিক বলেন, আমি যখন মেডিকেল ছাত্র হিসেবে স্নাতক হতে যাচ্ছিলাম, তখনই প্রথম আপনার এবং গ্রামীণ ব্যাংকের কথা শুনি। আপনার থ্রি জিরো তত্ত্ব ব্যাংকিং থেকে শুরু করে ক্রীড়া ও পরিবেশ আলোচনার সব জায়গায় ছিল। এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি প্রধান উপদেষ্টার সংস্কার এজেন্ডা এবং অন্তর্বর্তী সরকারের রূপান্তরমুখী ভিশনের প্রতি দৃঢ় সমর্থন জানান। তিনি বলেন, এখানে আসার পর আমি বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি এবং আপনাদের জাতীয় সংস্কারের পরিকল্পনা সম্পর্কে জেনেছি। আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।

ড. আল মালিক আইসেস্কোর কৌশলগত কাঠামোতে অধ্যাপক ইউনুসের থ্রি জিরো তত্ত্ব—দারিদ্র্যমুক্ত বিশ্ব, বেকারত্বহীন বিশ্ব এবং শূন্য কার্বন নির্গমন—অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে আপনার অনুমতি চাইছি যাতে থ্রি জিরো তত্ত্বকে আমাদের মূল কৌশলের অংশ করা যায়। আপনার ভিশন আমাদের মিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

এ সময় আইসেস্কোর চলমান কার্যক্রম তুলে ধরে তিনি আরও জানান, আমরা সদস্য দেশগুলোকে খাদ্য অপচয় ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছি। ব্রুনাই, আলজেরিয়া ও নাইজেরিয়ার মতো দেশ ইতিমধ্যেই উদ্যোক্তা কর্মসূচি থেকে উপকৃত হয়েছে, যেগুলো আমরা সামাজিক ব্যবসার মডেলে রূপান্তর করেছি।

উত্তরে অধ্যাপক মুহাম্মদ ইউনুস আইসেস্কোর শিক্ষা ও টেকসই উন্নয়নে উদ্যোগের প্রশংসা করেন এবং যুবসমাজকে ক্ষমতায়ন ও উদ্ভাবনী সামাজিক ব্যবসার সমাধান সদস্য দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব করেন।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারও উপস্থিত ছিলেন।