
উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে- নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই পরিষ্কার করতে হবে। আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো।”
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, “সকল রাজনৈতিক দলের মতো নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো সম্পর্ক রয়েছে। এখন সেই দলের প্রধান নাহিদ ইসলাম কোন কারণে বা অভিমান থেকে এই বক্তব্য দিয়েছেন, সেটা তাদের দলের বিষয়। তাদের অনানুষ্ঠানিক কোনো বক্তব্য নিয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা নানা বিষয়ে কথা বলছেন- এটাই তো গণতন্ত্রের চর্চা। প্রতিটি বিষয়ে যদি আমরা প্রতিক্রিয়া জানাই, চিন্তা করি, তাহলে আমাদের মন্ত্রণালয়গুলো কখন চালাবো?”
পরিবেশ উপদেষ্টা জানান, আনুষ্ঠানিকভাবে কোনো বিষয় সরকারের কাছে এলে সরকার সেটি নিয়ে কাজ করবে ও অবস্থান জানাবে। “অনানুষ্ঠানিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে কিছু বলা সম্ভব না। তার বক্তব্যের ব্যাখ্যা তাকেই দিতে হবে। আমার খণ্ডানোর কিছু নেই,” যোগ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “এই অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিচার প্রক্রিয়া নিজ গতিতেই চলছে। আমরা চাই সঠিক বিচার হোক।”
তিনি আরও বলেন, “বিভিন্ন প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। ঐকমত্য বাস্তবায়ন কীভাবে হবে সেটাই এখন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো নানা কথা বলছে- এটাই তাদের অধিকার। তবে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখালে মন্ত্রণালয় পরিচালনা সম্ভব নয়।”





































