
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। এছাড়া সফরকালে তিনি বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন।
ড. ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।





































