
রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি তিনি দাবি করেছেন, ঝটিকা মিছিল ও অন্যান্য অপরাধের সংখ্যাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করার পর এসব মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অপরাধের হারও কমছে। যদি সবাই সহযোগিতা করে, একসময় এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’
পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি জানান, ‘সংখ্যাটা আগের তুলনায় কিছুটা কমেছে। কিছুদিন আগে নরসিংদী জেলাতে পুলিশের ওপর একটি হামলার ঘটনা ঘটেছিল। তবে এটিও ধীরে ধীরে কমে আসবে বলে আমরা আশাবাদী।’
মঙ্গলবার পুলিশের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘জনগণ এখন সচেতন হচ্ছে। মিডিয়া যেভাবে বিষয়টি প্রচার করছে, সেটা আমাদের জন্য ইতিবাচক। জনগণ বুঝতে পারছে এসব কাজ খারাপ, তাই নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।’
আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের সময় সবচেয়ে বড় দায়িত্ব থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর। এরপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলোরও বড় ভূমিকা রয়েছে। সবাই মিলে কাজ করলে নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে।’
অনুষ্ঠানে পুলিশকে ২০টি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘আমাদের যত গাড়ি দরকার, সে তুলনায় এখনো কম আছে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ২০০ গাড়ি কেনা সম্ভব হয়েছে। এ বছর আরও কিছু গাড়ি কেনার পরিকল্পনা আছে।’
তিনি আরও জানান, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া করা ভবনে চলছে। এর মধ্যে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানার নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।





































