
গাজা যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান জানানো হয়।
এক বিবৃতিতে বাংলাদেশ জানিয়েছে, কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাতের একমাত্র সমাধান। গাজায় চলমান মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে, বাংলাদেশ তার সঙ্গে যুক্ত সব পক্ষের উদ্যোগের প্রশংসা করেছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এই সংলাপের মাধ্যমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধের অবসানের মাধ্যমে এই কূটনৈতিক উদ্যোগ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।
বাংলাদেশ গাজায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা করার প্রস্তুতি ব্যক্ত করেছে এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।





































