
বিশ্ব ডিম দিবস আজ
আজ বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় এই দিবসটি। এবারের প্রতিপাদ্য— ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’।
বাংলাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপিত হচ্ছে। দেশের পোল্ট্রি খাতের প্রধান সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা-বাংলাদেশ শাখা যৌথভাবে আজ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, একজন মানুষের পুষ্টি চাহিদা পূরণে বছরে অন্তত ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বাংলাদেশে মাথাপিছু ডিমের সহজলভ্যতা ১৩৭টি।
অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে মাথাপিছু ডিমের ভোগ ১৬৫টি এবং ২০৪১ সালের মধ্যে ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আইইসি কনফারেন্সে প্রথম বিশ্ব ডিম দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে বিশ্বের নানা প্রান্তে দিবসটি পালন করা হচ্ছে পুষ্টি সচেতনতা বাড়াতে এবং ডিমের গুরুত্ব তুলে ধরতে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী ডিমের মানোন্নয়ন ও জনপ্রিয়করণের লক্ষ্যে। তাদের উদ্যোগেই ১৯৯৬ সাল থেকে অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস।







































