রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
শেয়ার

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান


biman-rrot

ছব : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে প্রিয় স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ‘বিজি–২০২’ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতিমধ‌্যেই দেশের আকাশসীমায় প্রবেশ করেছে।

ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। সূচি অনুযায়ী, আজ বেলা ১২টার দিকে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ইতিহাসের অন্যতম বৃহত্তম সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর পূর্বাচল সংলগ্ন ৩০০ ফিট এলাকায় এ উপলক্ষে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই সংবর্ধনাস্থলে যাবেন।

প্রিয় নেতাকে দীর্ঘ দেড় যুগ পর একনজর দেখার আকাঙ্ক্ষায় গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা পূর্বাচল এলাকায় জড়ো হতে শুরু করেছেন। উৎসবমুখর এই পরিবেশে পুরো এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে এবং সমর্থকদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে ‘লিডার আসছে’ স্লোগান।